ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০

দেশে এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০০ পেরিয়েছে। সেই সঙ্গে বছরের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আটজন মারা গেছে। এ নিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৭ ও এ মাসে ৯২ জনে। এর ফলে এ মাসের ১৬ দিনেই এ বছর ডেঙ্গুতে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড হলো। এর আগে গত শুক্রবার পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল সেপ্টেম্বরে ৮৭ জন।

গতকাল শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে নতুন যে আটজন মারা গেছে তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে ১১-১৫ বছর বয়সী এক ছেলে শিশু ও এক কন্যা শিশু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচজন। এরপর ঢাকা উত্তর সিটিতে দুই ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৯৯৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬৩১ পুরুষ ও ৩৬৩ জন নারী। এ সময় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ২ হাজার ৩৮ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৬ জন। এরপর বরিশাল বিভাগে ১৮৯, চট্টগ্রাম বিভাগে ৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮, খুলনা বিভাগে ৭৪, ময়মনসিংহ বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ৬১, রংপুর বিভাগে ছয় ও সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫৯৫ জন। তাদের মধ্যে এ মাসের গত ১৬ দিনেই ভর্তি হয়েছে ১৬ হাজার ৭৭৮ জন। এ মাসের রোগীর এই সংখ্যা বছরের তৃতীয় সর্বোচ্চ। তবে তা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাকে ছুঁইছুঁই করছে। কারণ এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রোগী পাওয়া গেছে সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে গত মাসে ৩০ হাজার ৮৭৯ জন।