বরিশাল বিভাগের ৩১ শহীদ পরিবারের পাশে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় জুলাই-আগস্টের গণ-আন্দোলনে বরিশাল বিভাগের ছয় জেলায় নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল শনিবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় বরিশাল বিভাগের ছয়টি জেলা বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা এবং বরগুনার ৩১টি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ অনুষ্ঠানের আগে রিজভী সুন্দরকাঠী গ্রামে গণ-আন্দোলনে শহীদ আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন।

আয়োজকরা জানিয়েছেন, জিয়া পরিবারের উদ্যোগে ইতিমধ্যে দেশের ২৮টি জেলার দেড়শ শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সবই খেয়ে ফেলত। বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার মধ্যে ১৭ লাখ কোটি টাকাই আওয়ামী লীগ পাচার করেছে।’

শেখ হাসিনাকে ‘রক্তপিপাসু’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা হাজার হাজার মানুষ খুন করেছেন। তিনি দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন এবং নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন, ব্যাংক লুট করেছেন এবং বিরোধী মতের ওপর খুন, গুম ও নির্যাতন চালিয়েছেন।’

রিজভী আরও বলেন, ‘ফ্যাসিবাদ যেন পুনরায় ক্ষমতায় না আসে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। তাহলেই ছাত্র-জনতার আত্মত্যাগ সার্থক হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দরকার। গত ১৬ বছরে আওয়ামী লীগ তাদের নিজেদের লোকজনের জন্য লুটপাটের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং জনগণের গণতন্ত্র হরণ করেছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই পথ খুলতে হবে।’

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহমুদুল আলম নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার; বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হিমেল, বেসরকারি বিশ^বিদ্যালয়ের সহসভাপতি শারিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান প্রমুখ।