ফুটবলের দেশ ইতালির ভেতরেই ছোট্ট একটি দেশ সান মারিনো। আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম দেশটির জনসংখ্যা ৩৫ হাজারের মতো। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান সবার তলানিতে- ২১০ নম্বরে! এই দলটিই এবার উয়েফা নেশন্স লিগের ‘ডি’ লিগ থেকে উন্নীত হলো ‘সি’ লিগে উত্তীর্ণ হয়েছে।
গতকাল সোমবার উয়েফা নেশন্স লিগের সবচেয়ে নিচের ধাপ ‘ডি’ লিগের এক নম্বর গ্রুপের লড়াইয়ে লিখটেনস্টাইনকে ৩-১ গোলে হারায় সান মারিনো। এই জয়ে তাদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় তারা ‘সি’ লিগে উত্তীর্ণ হয়েছে। প্রতিযোগিতামূলক ফুটবলে এটা তাদের মাত্র দ্বিতীয় জয়। গত ৬ সেপ্টেম্বর তারা লিখটেনস্টাইনকেই হারিয়েছিল, যেটা ছিল তাদের প্রথম কোনো জয়!
আন্তর্জাতিক গন্ডির বাইরে সান মারিনোর প্রথম কোনো ম্যাচ জয়ও ছিল লিখটেনস্টাইনের বিপক্ষে। ২০০৪ সালের এপ্রিলে একটি প্রীতি ম্যাচে তারা এই জয় তুলে নেয়। এরপর কেটে গেল ২০ বছর এবং ১৪০ ম্যাচ। সোমবারের জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নতুন উচ্চতায় উঠল সান মারিনো। গ্রুপের অন্য দুই দল লিখটেনস্টাইন আছে র্যাঙ্কিংয়ের ২০০তম স্থানে আর জিব্রাল্টার ১৯৭তম।