আইসিসি ওয়ানডে সুপার লিগে নিগার সুলতানা জ্যোতিদের সামনে রয়েছে ৬টি ম্যাচ। যার মধ্যে ৩টি হবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে, বাকি ৩টি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের আঙিনায়। আগামী বছর ভারতে হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি স্থান খেলতে হলে বাংলাদেশকে জিততে হবে সবগুলো ম্যাচেই। তাই নারী দলের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, তবে তাদের অঙ্গীকার দৃঢ়।
বাংলাদেশের মেয়েদের প্রথম লক্ষ্য আয়ারল্যান্ড সিরিজ। যা শুরু হবে ২৭ নভেম্বর, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে, এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সিলেটে। আয়ারল্যান্ড সিরিজের জন্য স্কয়ার গ্রুপকে টাইটেল স্পনসর হিসেবে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে টাইটেল স্পনসরের নাম ঘোষণা করা হয়েছে, যেটি হবে ‘সেনোরা, পাওয়ার্ড বাই রুচি’।
বিসিবির হেড অব উইমেন্স উইং হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন, ’বিশ্বকাপের আগে ছয়টি ম্যাচ আছে। এই ছয়টি ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ঘরের মাঠে, যা আমাদের জন্য সুবিধাজনক। আমরা এখন শুধু এই সিরিজটার উপরই মনোযোগ দিচ্ছি।’
হাবিবুল বাশার আরও বলেন, ‘মেয়েরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে। ১ তারিখ থেকে তারা অনুশীলন করছে। ধারাবাহিকভাবে খেলাও ছিল। এখন আবার ফিরে এসেছে, এবং এই সময়টাতে ভালো উন্নতি হয়েছে। মাঠে কেমন করি, তা দেখার জন্য অপেক্ষা করছি।’
বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগের চাপ থাকায় কিছুটা স্নায়ুচাপ অনুভব করতে পারে বাংলাদেশ নারী দল, তবে হাবিবুল বাশার বলেন, ‘এটা খুব স্বাভাবিক। তবে তাদের মধ্যে আমি রোমাঞ্চও দেখতে পাচ্ছি, কারণ প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন রয়েছে তাদের।’
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ।
এই সিরিজে বাংলাদেশের মেয়েরা কেমন পারফরম্যান্স দেখায়, তা নির্ধারণ করবে তাদের বিশ্বকাপের স্বপ্ন।