‘বিদায় নিতে চেয়েছিলাম, কিন্তু এটা চলে যাওয়ার সঠিক সময় নয়’

প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পেপ গার্দিওলা। শুরুতে এক বছরের চুক্তির কথা শোনা গেলেও নতুন খবর হলো, এই স্প্যানিশ কোচ সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছে দুই বছরের জন্য। টানা ৫টি প্রিমিয়ার লিগের শিরোপা জেতার সম্ভাবনা জাগানো গার্দিওলার ওপরই ভরসা রাখছে ক্লাবটি। চুক্তি নবায়নের পর মুখ খুলেছেন গার্দিওলাও।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সিটির পক্ষ থেকে জানানো হয়, গার্দিওলা আগামী ২০২৭ সাল পর্যন্ত থাকছেন। আগামী বছরই এই ক্লাবে তার ১০ বছর পূর্তি হবে। গার্দিওলা বলেছেন, ‘মৌসুমের শুরু থেকে আমি অনেক ভেবেছি। সত্যি কথা বলতে, আমি ভেবেছিলাম এটাই হয়তো শেষ মৌসুম। কিন্তু সমস্যাটা হচ্ছে, গত মাসে আমার মনে হলো এটা চলে যাওয়ার সঠিক সময় নয়। আমি ক্লাবকে হতাশ করতে চাইনি।’

গত ৯ বছরে ম্যান সিটির হয়ে হয়ে ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাসহ ১৫টি বড় শিরোপা জয়ী কোচ গার্দিওলা আরও বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি আমার কাছে অনেক কিছু। আমরা একসঙ্গে দারুণ কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এই ক্লাবের জন্য আমার বিশেষ টান আছে। সে কারণে আরও দুই মৌসুম থাকতে পেরে আমি আনন্দিত।’