এবার উয়েফা নেশনস লিগে, লিগ 'এ' এর চার গ্রুপ থেকে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও স্পেন। ওই চার গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ আটে পা রাখে ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।
আট দল আগামী ২০ মার্চ উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে, ২৩ মার্চ হবে দ্বিতীয় লেগ। আজ শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বর্তমান ইউরো ও নেশনস লিগ চ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় কোয়ার্টারে খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। আর ইতালির বিপক্ষে খেলবে জার্মানি।
কোয়ার্টারে ইতালি ও জার্মানি ম্যাচে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ডেনমার্ক-পর্তুগাল ম্যাচের জয়ী দল। আর নেদারল্যান্ডস-স্পেন এর মধ্য থেকে সেমিফাইনাল নিশ্চিত করা দলের শেষ চারের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স ম্যাচের জয়ী দল।