১০ বছর পর এমন বিব্রতকর অবস্থায় পড়লেন স্টিভেন স্মিথ

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

সমকালীন সময়ে ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ার শাসকদের একজন স্টিভেন স্মিথ। বড় স্কোর করতে পারছেন না অনেকদিন হলো। দেড় বছর আগে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন। সেই স্মিথ আজ থেকে শুরু হওয়া পার্থ টেস্টে মারলেন ‘গোল্ডেন ডাক’। তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে এটি মাত্র দ্বিতীয় ‘গোল্ডেন ডাক’ মারার ঘটনা।

শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিনেই দুই দলের ১৭ উইকেটের পতন ঘটেছে। ভারতকে দেড়শ রানে থামিয়ে ৬৭ রানে ৭ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ইনিংসে বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন জসপ্রিত বুমরাহ। এই ভারতীয় পেসার টানা দুই বলে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা ও স্টিভেন স্মিথকে। তার বলে এলবিডাব্লিউ হয়ে যান স্মিথ।

টেস্টে ৯ হাজার ৬৮৫ রান ও ৩২টি সেঞ্চুরির মালিক স্মিথ ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ‘গোল্ডেন ডাক’ মারলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি সর্বশেষ ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন। ম্যাচটি ২৩১ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই হিসেবে এক দশকের বেশি সময় পর তিনি টেস্ট ক্রিকেটে এই বিব্রতকর অবস্থায় পড়লেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত