ইতালীয় রেনেসাঁর সময়কার কূটনীতিক নিকোলো ম্যাকিয়াভেলির বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ দ্য প্রিন্স-এর একটি অত্যন্ত বিরল প্রথম সংস্করণ নিলামে উঠতে যাচ্ছে। নিলামে বইটির দাম ৩ লাখ ইউরো বা প্রায় পৌনে ৪ কোটি টাকা (৩ কোটি ৭৫ লাখ) উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামকারী প্রতিষ্ঠান সথবি’স লন্ডনে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত নিলামের ডাক চালু রাখবে।
ইতালির ফ্লোরেন্সে জন্ম নেওয়া নিকোলো ম্যাকিয়াভেলি একজন লেখক এবং কূটনীতিক ছিলেন। ১৫১২ সালে মেডিচি পরিবার প্রজাতন্ত্রকে ক্ষমতাচ্যুত করার আগ পর্যন্ত তিনি ফ্লোরেন্টাইন সরকারের হয়ে কাজ করেছেন। ম্যাকিয়াভেলি দ্য প্রিন্স বইটি লেখেন ১৫১৩ সালে, যখন তাকে ষড়যন্ত্রের অভিযোগে বন্দি করা হয়েছিল। ম্যাকিয়াভেলির মৃত্যুর আগেই এটি একটি পা-ুলিপি হিসেবে প্রচারিত হয়েছিল। তবে তার মৃত্যুর পরে, ১৫৩২ সালের আগে বইটির সাতটি পা-ুলিপি প্রকাশিত হয়েছিল। এর মধ্যে কিছু অংশ তার সহকর্মী বিয়াজিও বুয়োনাকোরসি লিখেছিলেন। এরপর বইটির প্রায় ১৫টি সংস্করণ প্রকাশিত হলেও, এটি ধর্মীয় বা নৈতিকভাবে ক্ষতিকর বলে বিবেচিত হওয়ায় ক্যাথলিক গির্জা বইটি ১৫৫৯ সালে নিষিদ্ধ করে। এই বইটি আবার ৭০ বছরেরও বেশি সময় পর প্রকাশিত হয়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ষোড়শ শতকের এই বইটি প্রথম সংস্করণ হিসেবে ছাপানো মোট ১১টি কপির একটি। অন্য সব কপিই ইতালির বিভিন্ন লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। তবে এই কপিটি একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে এসেছে এবং এতদিন এর তথ্য অজানা ছিল।
সংবাদমাধ্যমটি বলছে, বিক্রির জন্য রাখা দ্য প্রিন্স-এর কপিটি ১৫৩২ সালের এবং এটি ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত একটি ইতালীয় লাইব্রেরিতে ছিল। পরে বিভিন্ন মালিকের হাত বদল হয়ে একজন ইংরেজ সংগ্রাহকের কাছে পৌঁছায়। সথবি’স জানিয়েছে, বইটির শিরোনাম পৃষ্ঠা সরানো হয়েছে, সম্ভবত কর্র্তৃপক্ষের হাতে বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সেটি করা হয়।
নিলামকারী প্রতিষ্ঠান সথবি’স-এর বই ও পা-ুলিপি বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল হিটন সিএনএনকে বলেন, আমরা জানতাম না যে অন্য কোনো কপি ব্যক্তিগত সংগ্রহে ছিল। এবং এটি আমাদের জানা প্রথম কপি, যেটি নিলামে উঠছে; অন্তত গত কয়েক দশকে। তিনি বলেন, এটা রাজনৈতিক তত্ত্বের অন্যতম মহৎ কাজ, ষোড়শ শতকের সবচেয়ে বিখ্যাত বইগুলোর মধ্যে একটি এবং এটি একটি প্রথম সংস্করণ।
হিটন জানান, সথবি’স লন্ডনে তাদের পরবর্তী বই ও পা-ুলিপির নিলামে এই অত্যন্ত বিরল বই প্রদর্শন করতে পেরে খুশি এবং উত্তেজিত। নিলামটি আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।