হবিগঞ্জে শাম্মী আক্তার

তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহ-সম্পাদক শাম্মী আক্তার। তিনি বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদায় হয়েছে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিগত ১/১১ সরকার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের সব মিথ্যা মামলা এখনো রয়ে গেছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে।’

গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্যবাজারে আয়োজিত সমাবেশে এ কথা বলেন সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আক্তার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এর আগে বের করা একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘চুনারুঘাটে ১৭টি চা বাগান রয়েছে। এই চা শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে জেনেছেন। বিএনপি আগামীতে দেশে সরকার গঠন করলে চা শ্রমিকদের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থায়ীভাবে তাদের সমস্যা সমাধান করা হবে।’

সাবেক এই এমপি আরও বলেন, ‘২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি নির্বাচনে যারা ডামি প্রার্থী হয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, যারা ডামি প্রার্থী হয়ে খুনি হাসিনাকে সহযোগিতা করেছিল, তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। কারণ তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা শুধু পারে জনগণের অধিকার কেড়ে নিতে।’

শাম্মী আক্তার আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সালেহ মো. শরিফুর রহমান।