দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারীর সঙ্গে পুলিশ ও সেনা সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসন’-এর প্রতিবাদে ‘জিয়াফত কর্মসূচি’ শুরু করেন একদল মানুষ। পরে তারা সেখানে কালো রঙের একটি গরু জবাই করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তাই তাদের তওবা করানোর জন্য জিয়াফত কর্মসূচি পালন করা হচ্ছে। গরু জবাইয়ের পর সেখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রথম আলোর কার্যালয়ের ভেতরে থাকা প্রতিষ্ঠানটির একজন সংবাদকর্মী মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘অফিসের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। প্রথম আলোর কর্মীরা সবাই ভেতরে অবস্থান করছেন। একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক আলী রাত ৯টার দিকে বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আশপাশে দুই-একজন বিক্ষোভকারী থাকলেও থাকতে পারে। সম্মিলিত বাহিনী (পুলিশ ও সেনাবাহিনী) বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে।’ তবে বিক্ষোভকারীদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার (২১ ও ২২ নভেম্বর) প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন একদল বিক্ষোভকারী। ‘বাংলাদেশের জনগণের’ ব্যানারে বিক্ষোভকারীরা ডেইলি স্টারের সামনে জুমার নামাজও আদায় করেন।