সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নান। গতকাল সোমবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে তিনি জামিন চাইলে আবেদনটি মঞ্জুর করেন বিচারক নির্জন কুমার মিত্র।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর পাশাপাশি এমএ মান্নানের আইনজীবী খায়রুল কবির গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানায় গত ১৯ নভেম্বর এমএ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে মামলাটি করেন উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুন নুর। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ওরফে রিজু, উপজেলা যুবলীগের আবুল হোসেন ওরফে লালন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাইউম মোশাহিদ এবং মিরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল আহাদের নাম উল্লেখ করা হয়।
বাদী মামলার এজাহারে বলেন, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে এমএ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ সময় দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে আগুন দেওয়া হয়। হামলাকারীরা সেখান থেকে এক লাখ টাকা, একটি ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যান।
গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় গ্রেপ্তার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ওই সময় ২০ দিন জেলও খেটেছেন তিনি। ১০ অক্টোবর ওই মামলায় জামিনে মুক্তি পান।