রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে : আসিফ

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর কোনো ধরনের হস্তক্ষেপ হলে, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। গতকাল মঙ্গলবার রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা মহাবিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সম্প্রদায় বিবেচনায় নয়, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, কেউ রাষ্ট্রদ্রোহ করলে  রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। যদি কেউ রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকেন, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থান হয়েছে মানুষের স্বপ্নের জায়গা থেকে। আমাদের যে প্ল্যাটফর্ম থেকে গণ-অভ্যুত্থান হয়েছে, তার নাম লেখা আছে। আমরা একটি বৈষম্যহীন গণতন্ত্র চেয়েছি। এর আগে বাংলাদেশে এলাকাভিত্তিক বৈষম্য ছিল। যে এলাকায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছেন, সেই এলাকায় উন্নয়ন হয়েছে। আমরা বৈষম্য নিরসন করে সারা দেশে উন্নয়ন করতে চাই। শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জসহ দু-একটি জেলার উন্নয়ন করা হয়েছে। বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যর শিকার হবে না। আমাদের অনেকগুলো নাগরিক সেবা দেওয়ার প্রয়োজন হয়। আমরা বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব।’

পরে অসহায়-দুস্থ পরিবারের মধ্যে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এ সময় ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রি শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালেন ঘাট এলাকা পরিদর্শন করেন।