অভ্যুত্থান ষড়যন্ত্রে সরাসরি জড়িত বলসোনারো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। দেশটির ফেডারেল পুলিশ সুপ্রিম কোর্টে এর প্রমাণ উপস্থাপন করেছে। মঙ্গলবার আদালতে ৮৮৪ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে অল্প ব্যবধানে পরাজিত হন বলসোনারো। তবে বলসোনারো কখনো প্রকাশ্যে তার পরাজয় স্বীকার করেননি। পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্ট লুলা ও তার রানিংমেটকে হত্যার পরিকল্পনাটি সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন বলসোনারো।

প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে ২০২২ সালের ১৫ ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা ও তার ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড অ্যালকমিনকে হত্যার ষড়যন্ত্র করা হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন লুলা। এর এক সপ্তাহ পরে বলসোনারোর সমর্থকরা কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালান, ভাঙচুর করেন। ওই সহিংসতার ঘটনা নিয়ে পুলিশের প্রায় দুই বছরের তদন্তের ফলাফল হচ্ছে এই চূড়ান্ত প্রতিবেদন।