ঢাকায় গুমের শিকার কয়েকটি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম। এ সময় সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
আজ শনিবার (৩০ নভেম্বর) শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে সংশ্লিষ্ট গুমপরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি শিশুদের সঙ্গে কথা বলেন, গল্প করেন এবং পড়ালেখাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
ব্যারিস্টার আবু সায়েম তাদের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এক পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ শেষে গুমপরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজে অংশ নেন ব্যারিস্টার আবু সায়েম। এ ছাড়া স্বজন হারানো এসব ছোট্ট শিশুদের হাতে উপহার-সামগ্রী তুলে দেন তিনি।
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে প্রায় ৬০০ মানুষ গুমের শিকার হয়েছিল। এর মধ্যে ৩০টি পরিবারের সন্তানদের পড়াশুনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিয়মিত ‘মাসিক শিক্ষা ভাতা’ দিয়ে থাকে দেশমাতা ফাউন্ডেশন।