সেমিনারে প্রেস সচিব

রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম কাঠগড়ায় দাঁড় করাবে

একেবারে রাষ্ট্র মেরামত ছাড়া বিদায় নিলে এই প্রজন্ম অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। সংস্কারকাজের বিপরীতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও এ সময় অভিযোগ করেন শফিকুল আলম।

তিনি বলেন, ‘গত ১৫ বছরের আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে, আমরা সেটাই চেয়েছিলাম।’

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘প্রতিবেদন নিয়ে আলোচনা হবে। রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এই জেনারেশন (প্রজন্ম) আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে।’ এ ছাড়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

আন্দোলন-পরবর্তী সময়ে জনগণের মধ্যে যে আকাক্সক্ষা জেগেছে তার বাইরে গিয়ে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোনো সংস্কার টিকে থাকবে না। রাতারাতি কোনো সংস্কারও হবে না। সংস্কারের উদ্দেশ্য হতে হবে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পারছি কি না। বিচার বিভাগের সংস্কার দেশের জনগণের স্বার্থে খুবই জরুরি। যে সংস্কারের জন্য সব রাজনৈতিক দলের ঐকমত্য আছে তা এখন করা যেতে পারে।’

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘প্রথম ধাপে এনডিএমের দেওয়া ৯টি সংস্কার খুবই জরুরি। এনডিএমের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ কখনো ফ্যাসিজম হবে না। মানুষের ভোটাধিকার দেশের জমিনে ফিরিয়ে আনা সবচেয়ে বেশি জরুরি।’

আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম বলেন, ‘প্রস্তাব দেওয়ায় কোনো সমস্যা নেই, তবে প্রয়োগে সমস্যা রয়েছে। এত বছর বাংলাদেশ অনেক সূর্যসন্তান দেখেছে, আর নতুন করে কোনো সূর্যসন্তান দেখতে চায় না।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘সংগ্রাম এখনো শেষ হয়নি। রাষ্ট্র সংস্কার হওয়ার পরেও সংগ্রাম চালিয়ে যেতে হবে, যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে। রাজনীতি নষ্ট করেছে জাতীয় পার্টি। নেতাদের বিক্রি করেছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না।’