রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল, চেন্নাইতে নিহত তিন

শনিবার (৩০ নভেম্বর) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উত্তরাঞ্চল এবং পুদুচেরিতে রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। এতে চেন্নাইয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং ঝড়ের প্রভাবে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, রোববার দুপুরের মধ্যেই গভীর নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। তবে ফিনজালের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে বৃষ্টিতে চেন্নাইয়ের বিমানবন্দরের একাংশ পানিতে প্লাবিত হয়ে পড়েছে। ফলে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন। চেন্নাইগামী কিছু বিমান অন্য শহরের দিকেও ঘুরিয়ে দেয়া হয়েছে।

এছাড়া উপকূল সংলগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ এখনও পানিতে তলিয়ে আছে। পুদুচেরিতেও ডুবে গেছে নিচু এলাকা। অনেক স্কুল এবং হাসপাতালও প্লাবিত হয়েছে।

শনিবার রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করে ‘ফিনজাল’। গভীর রাত পর্যন্ত তাণ্ডব চালায় ঝড়টি। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাত আড়াইটা পর্যন্ত ‘ফিনজাল’ তামিলনাড়ু এবং পুদুচেরির ওপর দিয়ে ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে এগিয়েছে।