একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবাস পূর্ণ করে মুক্তি পেয়েছেন জামালপুরের শামসুল হক ওরফে বদর ভাই। এ মামলায় সাজাভোগ শেষে প্রথম মুক্তি পাওয়া কোনো ব্যক্তি তিনি। ২০১৬ সালে শামসুল হকের আমৃত্যু কারাদ-ের আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে সাজা কমিয়ে তাকে ১০ বছরের কারাদ- দেওয়া হয়। গত ২১ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
২০১৫ সালের ২ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শামসুল হকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই দিন বিকেলে জামালপুর পৌর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাবন্দি ছিলেন শামসুল হক। এরপর ২০১৬ সালের ১৮ জুলাই মানবতাবিরোধী অপরাধে শামসুল হকসহ পাঁচজনকে আমৃত্যু কারাদন্ড ও তিনজনের মৃত্যুদন্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় শামসুল হক ছাড়াও এসএম ইউসুফ আলী নামে আরেক আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বাকিরা ছিলেন পলাতক।
সেদিন ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর পৌর শহরের মিয়াপাড়া এলাকার আশরাফ হোসাইন, কাচারীপাড়ার আবদুল মান্নান ও বগাবাঈদ এলাকার আবদুল বারী। শামসুল হক ছাড়া আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছিল কাচারীপাড়া এলাকার শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, হারুন, আবুল হাশেম এবং স্টেশন রোড এলাকার এসএম ইউসুফ আলীকে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদন্ডের রায়ের বিরুদ্ধে ২০১৬ সালে আপিল বিভাগে আবেদন করেছিলেন শামসুল ও ইউসুফ। তবে আপিল বিবেচনাধীন থাকাবস্থায় ইউসুফের মৃত্যু হয়। এ ছাড়া আবুল হাশেম ও আবদুল মান্নান পলাতক অবস্থায় মারা যান।
২০২৩ সালের ১৪ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদ-ের রায়ের বিরুদ্ধে শামসুল হকের করা আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। সেই সঙ্গে সাজা কমিয়ে তাকে ১০ বছরের কারাদন্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে আপিল বিভাগ থেকে শামসুলের আমৃত্যু কারাদ-ের বিরুদ্ধে করা আবেদনের রায় প্রকাশের পর সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে ট্রাইব্যুনাল থেকে সেই রায় কারাগারে পাঠানোর পর গত ২১ নভেম্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
আসামিপক্ষের এক আইনজীবীর মতে, শামসুল হক একমাত্র ব্যক্তি, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাবাস পূর্ণ করে মুক্তি পেয়েছেন।