২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার লন্ডন থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘প্রমাণিত হলো, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই ছিল ষড়যন্ত্রমূলক।’
মির্জা ফখরুল বলেন, ‘বিচারিক আদালতের রায় বাতিল করে আজ (গতকাল) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই রায়ে প্রমাণ হলো, আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল।’
বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এই বিবৃতিতে দলের মহাসচিব বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে আনীত মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো যে, তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।’