আপনি কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেখেয়াল ভঙ্গিতে রিলস কিংবা ভিডিও দেখতে দেখতে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিচ্ছেন? কিংবা দীর্ঘসময় ফোন স্ক্রল করতে করতে ক্লান্ত? ভুলে যাচ্ছেন কেন ফোনটা হাতে নিয়েছিলেন বা কী করার কথা ছিল আপনার? তাহলে সম্ভবত আপনি ‘ব্রেইন রট’ নামক প্রবণতায় ভুগছেন। আর এই শব্দটিকে চলতি বছর ওয়ার্ড অব দ্য ইয়ার আখ্যা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ব্রেইন রট বলতে মূলত অত্যধিক নিম্নমানের অনলাইন কন্টেন্ট দেখার উদ্বেগজনক প্রভাবকে বোঝায়।
বিশেষজ্ঞদের বরাত দিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের কন্টেন্ট দেখার হার বেড়ে গেলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি বোঝাতে এ শব্দ ব্যবহার করা হয়। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বেড়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী অধ্যাপক অ্যান্ড্রু প্রিজিবিলস্কি বলেন, শব্দটির জনপ্রিয়তাই বলে দেয় আমরা কেমন সময়ে বসবাস করছি।
অক্সফোর্ডের চলতি বছর সেরা শব্দের সংক্ষিপ্ত তালিকায় পাঁচটি শব্দ ছিল। যার মধ্যে অন্যতম ডিমিউর, রোমান্টিসি ও ডাইনামিক প্রাইসিং। এসব শব্দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে ব্রেইন রট। ইন্টারনেট আবিষ্কারেরও বহু বছর আগে ১৮৫৪ সালে শব্দটি প্রথম ব্যবহার করা হয়। হেনরি ডেভিড থরো তার বই ওয়ালডেন এ প্রথমবার এই শব্দের ব্যবহার করেন। তবে সেখানে ঠিক এখনকার প্রচলিত অর্থে ব্রেন রট শব্দটি ব্যবহার করেননি থরো। জটিল ধারণাগুলোর প্রতি সাধারণ মানুষের অনাগ্রহ এবং এ কারণে তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতির বিষয়টি বোঝাতে এই শব্দের ব্যবহার করেছিলেন তিনি।
জেন জি ও জেন আলফাদের মধ্যে প্রথম এই শব্দ জনপ্রিয়তা পাওয়া শুরু করে। তবে এখন মূলধারার কমিউনিটিতেও নিম্নমানের কন্টেন্টকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হচ্ছে শব্দটি। অধ্যাপক প্রিজিবিলস্কি বলেন, ব্রেন রট আদৌ কোনো বাস্তব সমস্যা কি না, তা আমরা জানি না। অনলাইন জগতের প্রতি আমাদের অসন্তোষের বর্ণনা দেয় এই শব্দ। সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরে আমাদের দুশ্চিন্তার জানান দেয় শব্দটি। অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথওহল বলেন, গত দুই দশকে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দগুলোর দিকে তাকালে বোঝা যায়, ভার্চুয়াল জগতের বিকাশ ও ইন্টারনেট সংস্কৃতি আমাদের জীবনের সঙ্গে কতটা মিশে গেছে।
গতবছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘রিজ’। এর আগের ১০ বছরে সেলফি, ইয়ুথকোয়াক, টক্সিক, ভ্যাক্স, গবলিন মুড-এর মতো ইন্টারনেটে জনপ্রিয় অনেক শব্দ বর্ষসেরার খেতাব পায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি ছাড়াও কলিন্স ডিকশনারিতে চলতি বছরের ওয়ার্ড অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে ‘ব্র্যাট’ শব্দটি, যার অর্থ আত্মবিশ্বাসী ও স্বাধীন মনোভাব।