নিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, পুলিশ নিয়ে হাজির ইউএনও

শেরপুরের নালিতাবাড়ী ইউএনওর নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আবদুল কাদের জিলানী ও হারুন অর রশিদ। তারা দুজনেই বালুমহালের ইজারাদার। ওই সংবাদ সম্মেলন বন্ধ করতে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। গতকাল সোমবার দুপুরে নালিতাবাড়ী শহরের উত্তর গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বালুমহালের ইজারাদার হারুন অর রশিদ অভিযোগ করেন, ইউএনও মাসুদ রানা নিজে লাভবান হওয়ার জন্য নিয়মবহির্ভূতভাবে তাদের ইজারার স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে বাধা সৃষ্টি করে আসছিলেন। অন্যদিকে তারই মদদে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ বিষয়ে তারা বিভিন্ন সময় প্রতিকার চেয়েও পাননি। আরেক ইজারাদার আবদুল কাদের জিলানী 

অভিযোগ করেন, ‘ইউএনও মাসুদ রানার অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা বৈধ উপায়েও বালু উত্তোলন করতে পারছি না। তিনি নানাভাবে বালু উত্তোলনে বাধা দিচ্ছিলেন। এ বিষয়টি সাংবাদিকদের অবহিত করার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। কিন্তু ইউএনও আমাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ নিয়ে আসেন। অথচ আমার নামে মামলা বা কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না।’

শেরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আদিল মাহমুদ বলেন, সাংবাদিকদের জেরার মুখে পড়ে ইউএনও ঘটনাস্থল ত্যাগ করেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মাসুদ রানা জানান, এ ঘটনায় বিস্তারিত ব্যাখ্যা দিতে রাজি নন তিনি।