৫ ছক্কায় জাকেরের ৯১, উইন্ডিজের টার্গেট ২৮৭ রান

ইনিংসের ৫৪তম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদ নিলেন এক রান। তাতে প্রান্ত বদর করে ব্যাটিংয়ে এলেন জাকের আলী। ছক্কা হাঁকিয়ে টেস্টে তৃতীয় ফিফটি করলেন জাকের। পরের দুই বলে আবারও চার ও ছক্কা।

ফিফটির পর নিজের ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন জাকের। ৫ ছক্কা ও ৮ চারে ১০৬ বলে ৯১ রান করেন জাকের। জাকেরের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৬৮ রানে। তাতে জয়ের জন্য উইন্ডিজের টার্গেট দাঁড়িয়েছে ২৮৭ রান।

৮০ বলে নিজের তৃতীয় টেস্ট ফিফটি তুলে নেন জাকের। অথচ আজ টেস্টের চতুর্থ দিনে শুরু দিকে জাকেরের হেলমেটে লেগেছিল আলজারি জোসেফের বাউন্সার। তাতে শঙ্কা ছিল কনকাশনের। সেই ভয় কাটিয়ে জাকের যেভাবে আক্রমণাত্নক ব্যাটিং করে গেলেন উইন্ডিজ পেস বোলিং অ্যাটাকের বিপক্ষে তা প্রশংসনীয়। জাকের অবশ্য সেঞ্চুরির চেয়ে বেশি নজর দিয়েছেন দলের হয়ে দ্রুত রান তোলার দিকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে অভিষেক টেস্টেই ফিফটি করেছিলেন জাকের। এরপর নিজের দ্বিতীয় টেস্ট খেলেন উইন্ডিজের। যা ছিল এই সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচেও প্রথম ইনিংসে করেছিলেন ফিফটি। এরপর আজ ৯১, অর্থাৎ নিজের প্রথম তিন টেস্টেই ফিফটি করলেন জাকের।

এই মাঠে ২১২ রানের বেশি করে জয়ের রেকর্ড নেই। তাই বাংলাদেশের বিপক্ষে জিততে হলে রেকর্ডই গড়তে হবে স্বাগতিক উইন্ডিজকে।