শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার শেষ দিনের ব্যাটিং ধসের ফলে ম্যাচটি ১০৯ রানে জিতে নেয় প্রোটিয়ারা।
দ্বিতীয় টেস্টের শেষ দিনে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৪৩ রান এবং দক্ষিণ আফ্রিকার পাঁচটি উইকেট। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই প্রোটিয়াদের বোলিং আক্রমণে শ্রীলঙ্কার প্রতিরোধ গুঁড়িয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার হয়ে কেশভ মহারাজ তুলে নেন পাঁচ উইকেট, যার মধ্যে প্রভাত জয়াসুরিয়া এবং বিশ্বা ফার্নান্দোর গুরুত্বপূর্ণ উইকেটগুলো ছিল। মার্কো ইয়ানসেন তার প্রথম বলেই লাহিরু কুমারাকে আউট করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন।
এই জয়ে দক্ষিণ আফ্রিকা ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের অঙ্ক
- পাকিস্তান সিরিজে এক ম্যাচ জিতলেই ফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা
- ভারতকে জিততে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের তিন ম্যাচ
- ১ ম্যাচ হারলেই দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশের অপেক্ষা করবে রোহিত শর্মার দল
- ৩-২ কিংবা ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ার জন্য ফাইনাল অনেকটাই নিশ্চিত।
ডারবানে প্রথম টেস্টে ২৩৩ রানের বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। তবে প্রথম দিন টস জিতে ব্যাটিং নেওয়া দক্ষিণ আফ্রিকা শুরুতে কিছুটা চাপে পড়লেও তেম্বা বাভুমা এবং রায়ান রিকেলটনের ১৩৩ রানের জুটিতে ইনিংস মজবুত করে। রিকেলটনের শতকের ওপর ভর করে প্রথম ইনিংসে প্রোটিয়ারা তোলে ৩৫৮ রান।
শ্রীলঙ্কা ব্যাটিংয়ে শুরুতে ভালো করলেও দ্বিতীয় দিনে ডেন প্যাটারসনের পাঁচ উইকেটের সৌজন্যে তারা ৩২৮ রানে গুটিয়ে যায়। তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ত্রিস্টান স্টাবস এবং বাভুমার ১০৪ রানের জুটি এবং ডেভিড বেডিংহামের কার্যকর ইনিংসের ফলে দক্ষিণ আফ্রিকা ৩১৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কার সামনে। শেষ দিনে ধনাঞ্জয়া ডি সিলভা এবং কুশল মেন্ডিস প্রতিরোধ গড়লেও মহারাজ এবং রাবাদার বোলিং তোপে তাদের ইনিংস দ্রুত শেষ হয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার ড্র পয়েন্ট পয়েন্ট পার্সেন্টেজ
দক্ষিণ আফ্রিকা ১০ ৬ ৩ ১ ৬৪ ৬৩.৩০ %
অস্ট্রেলিয়া ১৪ ৯ ৪ ১ ১০২ ৬০.৭১ %
ভারত ১৬ ৯ ৬ ১ ১১০ ৫৭.২৯ %
শ্রীলঙ্কা ১১ ৫ ৫ ০ ৬০ ৪৫.৪৫ %
টানা দুই জয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শক্ত অবস্থানে চলে গেছে। অন্যদিকে, শ্রীলঙ্কার হোয়াইটওয়াশের ফলে তাদের ফাইনালের স্বপ্ন আরও কঠিন হয়ে পড়েছে।
দক্ষিণ আফ্রিকার এমন দাপুটে পারফরম্যান্স প্রোটিয়া সমর্থকদের জন্য বিশাল আত্মবিশ্বাসের জোগান দিয়েছে। ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তারা।