এশিয়া জিতেই নতুন দল পেলেন তামিম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ এএম

চারদিনের সংস্করণের পর এবার শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির আসর। ১১ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠবে টুর্নামেন্টের। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর।

এই প্রতিযোগিতায় অংশ নেবেন সম্প্রতি যুব এশিয়া কাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে তার নেতৃত্বেই দুবাইতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের যুব দল। যুব এশিয়া কাপ শেষে তামিম খুলনা বিভাগের হয়ে এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ সৈয়দ রাসেল। দুবাই থেকে দেশে ফিরেই খুলনা দলে যোগ দেবেন তামিম। 

এনসিএল টি-টোয়েন্টি এবার আইসিসি থেকে স্বীকৃতি পেয়েছে, যা টুর্নামেন্টটিকে আরও গুরুত্ব এনে দিয়েছে। গ্রুপপর্বের সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

ডিসেম্বরের শেষ দিকে শুরু হবে বিপিএলের নতুন আসর। তার আগে দেশি ক্রিকেটারদের টি-টোয়েন্টি দক্ষতা ঝালিয়ে নিতে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টকে ড্রেস রিহার্সাল হিসেবে দেখছে বিসিবি। এই টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্কৃতির প্রচার এবং প্রতিভাবান খেলোয়াড়দের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ ধাপ। 

এনসিএল টি-টোয়েন্টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুব ক্রিকেট থেকে উঠে আসা নতুন তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ খেলোয়াড়দের দেখার সুযোগ এনে দেবে এই আসর। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত