দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ৮৮টি মামলায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি বলেন, অক্টোবরের পরের ঘটনাগুলোর দ্রুতই আপডেট দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে মামলা ও গ্রেপ্তার সংখ্যা আরও বাড়বে। দোষীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
শফিকুল আলম বলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬২টি মামলা হয়েছে। এ ছাড়া পুলিশের কাছে সরাসরি অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে আরও ২৬টি। দুটি ক্ষেত্রেই ৩৫ জন করে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে বেশিরভাগই রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কারণে। এখানে ধর্মীয় কোনো ইস্যু ছিল না। তবে যেহেতু একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেহেতু বিষয়গুলো আইনের আওতায় এনে প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া করা হচ্ছে।
বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। আগের চেয়ে দাম কিছুটা কমেছে। বাজার নিয়ন্ত্রণে একটি কমিশন গঠন করা হবে।
আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ঊর্ধ্বগতির কারণে দেশে এর দাম বেড়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সরকার অন্যান্য দেশের বাজার পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ভোজ্যতেলের মূল্য নির্ধারণের পাশাপাশি ভোক্তা স্বার্থরক্ষায় খুব কঠোরভাবে পুরো বিষয়টির নজরদারি করা হচ্ছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা ব্রাজিল ও মালয়েশিয়ার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ ছাড়া ভোক্তাদের যাতে অসুবিধা না হয় এবং বাজারের চাহিদা ও জোগান ঠিক থাকে সেভাবে নজরদারি চলছে।
অন্য এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ছাত্রলীগের ছেলেরা অনেক লুটপাট, চুরিচামারি করে ভারতে গেছেন। তারা এখন অনেক রকম কথা বলছেন। এরা গত ১৫ বছরে বাংলাদেশের অপশাসনের প্রতীক ছিলেন।
রোহিঙ্গা ইস্যু নিয়ে শফিকুল আলম বলেন, ‘আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। আশা করি বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন।’
অন্য এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পদোন্নতিবঞ্চিত ১ হাজার ৫৪০ জন উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তা পদোন্নতি চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে ৭৬৪ জনকে ভূতাপেক্ষা (যে সময় থেকে বঞ্চিত হয়েছে সে সময় থেকে তারা বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন) সুযোগ-সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ-সংক্রান্ত কমিটি।
সরকারের পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশে বাংলাদেশের মিশনগুলোয় রদবদলের অংশ হিসেবে আরও ২০ দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করা হবে বলেও জানান আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, ‘কুটনীতিকদের সরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ আসছে সেটাও সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। আরও প্রায় ২০টির মতো দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হতে যাচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও ইতিমধ্যে নেওয়া হয়েছে। এগুলোর কিছু বিষয় আছে প্রশাসনিক প্রক্রিয়া। এজন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু এ প্রক্রিয়া চলমান আছে।