বিতর্কিত সেই প্রকৌশলীকে শাস্তি দিতেই চসিকে বদলি

রংপুর থেকে চট্টগ্রামে বদলি করা হলেও এখনই যোগদানের সুযোগ পাবেন না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রকৌশলী ঝুলন কুমার দাশ। চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সড়ক বাতি নিভিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছিলেন এই প্রকৌশলী। পরবর্তীতে তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে গত ২৬ সেপ্টেম্বর রংপুর সিটি কর্পোরেশনে বদলি করা হয়। একই সাথে চসিকের তদন্ত কমিটিতে তিনি দোষী প্রমাণিত হন। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি। নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।  

স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত গত ৮ ডিসেম্বরের অফিস আদেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে বদলি করা হয়। একইদিনে একই ব্যক্তি স্বাক্ষরিত অপর অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ঝুলন কুমার দাশকে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যবস্থা নিবে। একইসাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে অফিস আদেশে।

খোঁজ নিয়ে জানা যায়, ঝুলন দাশকে ফিরিয়ে আনতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকেই চাহিদাপত্র দেয়া হয়েছিল। এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহি শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন,‘ঝুলন দাশ চট্টগ্রাম কর্পোরেশনের নিয়োগকৃত। তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়োগকারী কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো সংস্থা নিতে পারবে না। সেজন্য মন্ত্রনালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রংপুর থেকে চট্টগ্রামে পাঠিয়েছেন। এখন তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

তাহলে কি তিনি যোগদান করবেন? এই প্রশ্নের জবাবে শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন,‘তিনি যোগদান করতে পারবেন না। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী উনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মাননীয় মেয়র মহোদয়ও একই কথা বলেছেন।’

উল্লেখ্য, বিদ্যুৎ বিভাগের এই প্রকৌশলীর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। অনিয়ম ও দুর্নীতির কারণে নানা সময়ে তিনি আলোচিত হয়েছেন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সড়ক বাতি নিভিয়ে দিয়েছিলেন।