বাশার আল-আসাদের পতনের পর দেশের পুনর্গঠন চ্যালেঞ্জের মুখোমুখি সিরিয়া। দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের কাজ চলছে। তবে এসব চ্যালেঞ্জের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সিরিয়া মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের শিকার হচ্ছে। বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার দুদিনের মধ্যে সিরিয়ায় ৪৮০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়া সীমান্তের বাফার জোনের নিয়ন্ত্রণের পাশাপাশি গোলান মালভূমির সিরিয়া অংশের হারমন পর্বতের দখল নিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ফলে তেল আবিবের বিরুদ্ধে সিরিয়ার ভূখ- দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গোলান মালভূমি দিয়ে প্রবেশ করে ইসরায়েলি সেনারা দামেস্কের ২৫ কিলোমিটারের মধ্যে চলে এসেছে বলে জানিয়েছে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের প্রথম দুদিনের বিমান হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতার ৮০ শতাংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ দাবি করে, গত ৪৮ ঘণ্টায় সিরিয়ায় ৪৮০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সিরিয়ার নৌবাহিনীর স্থাপনাগুলোতেও বেশ কিছু হামলা চালানো হয়েছে। এসব হামলায় সিরিয়ার সরকারি অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্রের মজুদ, বিমান ঘাঁটি, নৌবহরসহ প্রায় সব সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেই সঙ্গে সিরিয়ায় সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এরই মধ্যে দেশটির দক্ষিণে ওই অঞ্চলে সিরিয়ার ভূখ- দখলের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। সিরিয়ার নতুন প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, যারাই আসাদের পথ অনুসরণ করবে, তাদেরও একই পরিণতি হবে।
গত রবিবার বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে আসাদ সরকারের পতন ঘটে। মাত্র ১২ দিনের অভিযানে প্রথমে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী যোদ্ধারা। পরে হামা ও হোমস দখলের পর রাজধানী অভিমুখে অগ্রসর হয় তারা। অনেকটা বিনা বাধায় দামেস্ক দখল করে হায়াত তাহরির আল শামসের নেতৃত্বাধীন বিদ্রোহী জোট। দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।