এবার ভুঁড়ি নিয়েই তামিম ইকবালের বিধ্বংসী ফিফটি

সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ভালো করতে পারেননি তামিম ইকবাল। মাত্র ১০ বল টিকতে পেরেছিলেন। একটি করে চার-ছক্কায় রান করেন ১৩। গতকালের ওই ম্যাচের পর তার ফিটনেস নিয়ে উঠেছে প্রশ্ন। এবার বিধ্বংসী ফিফটি হাঁকিয়ে তামিম সবকিছুর জবাব দিলেন।

সিলেটের একাডেমি মাঠে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বিভাগ এবং স্বাগতিক সিলেট বিভাগ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় চট্টগ্রাম। তামিম ইকবাল আর মাহমুদুলের ওপেনিং জুটিতেই আসে ৮০ রান। মাহমুদুল ১৭ বলে ২৯ করে আউট হলেও থামেননি তামিম। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৭ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চাশতম ফিফটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিমকে এদিন আউট করেছেন তোফায়েল আহমেদ। তার বলে খালেদের তালুবন্দি হয়ে থেমেছে তামিমের ৩৩ বলে ৮ চার ৩ ছক্কায় ৬৫ রানের ইনিংসটি, যার স্ট্রাইকরেট ১৯৬.৯৭। এবারের এনসিএল টি-টোয়েন্টিতে চার-ছক্কার বন্যা দেখা যাচ্ছে। এতে এবার যোগ দিলেন তামিমও। যদিও তার জাতীয় দলে ফেরা অনিশ্চিত।