চিন্ময়ের জামিন শুনানি ২ জানুয়ারি

চট্টগ্রাম বারের কোনো আইনজীবীর ওকালতনামা জমা দিতে না পারায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির আবেদন নথিভুক্ত করে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে আদালত শুনানি কার্যক্রমের শুরুতে ওকালতনামা দাখিল করেন ঢাকা থেকে আসা সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এ সময় ওকালতনামা যাচাইয়ের জন্য চট্টগ্রামের আইনজীবী সুমীত আচার্য্যকে উপস্থিত করতে আদালত সময় বেঁধে দেন। কিন্তু শেষ পর্যন্ত ওই আইনজীবী উপস্থিত করতে পারেননি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আদালত জানিয়েছে কোনো বিধিতেই উনি মামলাটি মুভ (লড়তে) করতে পারেন না। যিনি ওকালতনামা দিয়েছেন তিনি যদি ওনার সহযোগিতা চান, সে ক্ষেত্রে তিনি এটি মুভ করতে পারেন। কিন্তু উনি সরাসরি কোনোভাবেই এটি মুভ করতে পারবেন না।’

আইনজীবী সমিতির এই নেতা জানান, এটি নিয়ে হাইকোর্টের স্পষ্ট রুলিং আছে। যে লোকাল বারের আইনজীবী যদি ওনাকে এনগেজড করেন, সে ক্ষেত্রে উনি ওনার সঙ্গে অ্যাসিস্ট করতে পারেন। এটা চট্টগ্রাম বারের না শুধু এটা সারা বাংলাদেশের নিয়ম। উনি এটা ফলো না করে মামলা মুভ করতে এসেছেন।

গতকাল সকালে মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানি এগিয়ে আনার জন্য আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। পরে আদালত আবেদনটি দুপুরে শুনানির জন্য রাখে।

এর আগে গত বুধবার বেলা ১১টায় চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে মামলায় লড়তে এসে তিন আবেদন নিয়ে আদালতে দাঁড়ান সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু তার ওকালতনামা আর আসামিপক্ষের লিখিত কোনো আবেদন না থাকায় সব নাকচ করে দেয় আদালত।