জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে মানুষ : সারজিস

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়।’ গতকাল শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘উত্তরের জনপদের দুই বিভাগে ১৬টি জেলা রয়েছে। বিগত ১৬ বছরে পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। যে জায়গায় যাওয়ার আমাদের ন্যূনতম অধিকার ছিল, সেটা সম্ভব হয়নি। তবে গিয়েছে কোটা, গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয়স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা এ রকম অসংখ্য কোটা দিয়ে পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে।

সারজিস আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ’১৫ সালের পর থেকে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছেন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই শেখ হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে ফোর লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে একযুগ আগে শুরু হয়েছিল তা শেষ হয়নি। শেখ হাসিনার আমলে দক্ষিণের একটা পৌরসভা বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সেই বাজেট পায়নি। শেখ হাসিনার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে। এই যেমন তিনি (শেখ হাসিনা) নিজের বাড়ি যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে করেছেন। কিন্তু উত্তরবঙ্গের জন্য রাস্তা করেননি।’

এ সময় শহীদদের আকাক্সক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুম।

সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা পরিস্থিতি উত্তপ্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে।’