মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় বিএনপি নেতার বড় ভাই আবু তালেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে শহরের নিজ বাড়ি এলাকা উত্তর ইসলামপুর পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আবু তালেব মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের বড় ভাই। তাদের বাড়ি শহরের উত্তর ইসলামপুর পিটিআই এলাকায়।
সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আবু তালেব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ডিপজল হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকে মাহবুব-উল-আলম স্বপন জানান, গ্রেপ্তারকৃত আবু তালেবের ভাই দেলোয়ার হোসেন হচ্ছেন মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
প্রসঙ্গত গত ৪ আগস্ট শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে নুর মোহাম্মদ ওরফে ডিপজল (১৯) নিহত হন। এ ঘটনায় গত ৩০ আগস্ট নিহতের ঘটনায় নানী শেফালি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।