১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম আওলাদ হোসেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় স্মৃতিসৌধের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা শুধু স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, আশেপাশের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও গাজীপুর মেট্রো এলাকাও নিরাপত্তা বলয়ে চলে আসবে। বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধসহ প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে ১১টি সেক্টরের মাধ্যমে তিন হাজার পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে পুরো স্মৃতিসৌধ এলাকা। এ ছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং, পুলিশ, র্যাব, ট্রাফিকসহ আইনশৃঙ্খলা বাহিনী স্মৃতিসৌধের ভেতর ও বাহিরে সতর্ক অবস্থায় থাকবে।
তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর ভোর ৪টা থেকেই ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে আসা মানুষদের চলাচলের জন্য বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। সৌধ এলাকার আশপাশের বাসিন্দাদেরকে আগামী কয়েকদিনে বহিরাগত অথবা নতুন কোনো লোকজন এলাকায় আসলে তাদের বিষয়ে থানা পুলিশকে তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বিজয় দিবসের দিন যানজট এড়াতে উত্তরবঙ্গ থেকে আসা বিভিন্ন ধরনের পরিবহনকে চন্দ্রা থেকে গাজীপুর হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মহরম আলীসহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি রঙ তুলির আঁচড়ে ও বাহারি রঙয়ের ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো সৌধ এলাকা। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রঙতুলির আঁচড়। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েই হাসপাতাল থেকে পালালেন আ. লীগ নেতা