পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংসের অভিযোগ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের দাবি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংসের অভিযোগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছে পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠনসমূহের যৌথ প্লাটফর্ম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’। শনিবার (১৪ ডিসেম্বর) আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য হাতিরঝিলে পিলার স্থাপনের জন্য বালি ও মাটি দিয়ে জলাশয় ভরাট করা হয়েছে। এতে হাতিরঝিলের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাধারের পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও এর সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাদের অভিযোগ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি শুরু থেকেই দুর্নীতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। এটি পরিবেশগতভাবে সংকটাপন্ন ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া পান্থকুঞ্জ পার্কে গাছ কাটা বন্ধ করে পার্কের আয়তন, সীমানা অনুযায়ী ঋতুগত ভিন্নতাকে বিবেচনায় রেখে দেশি প্রজাতির গাছ লাগানোর, পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবি করেন তারা।

কর্মসূচিতে ৩টি প্রধান দাবি তুলে ধরা হয়। এগুলো হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য হাতিরঝিল ভরাট বন্ধ করে স্থাপিত পিলারগুলো সরিয়ে জলাধার ও প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধার করতে হবে। পান্থকুঞ্জ পার্কে গাছ কাটা বন্ধ করে নিয়ম মেনে দেশি প্রজাতির গাছ লাগিয়ে পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করতে হবে। 

পাশাপাশি, কারওয়ানবাজার থেকে পলাশি পর্যন্ত এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল করতে হবে এবং এ প্রকল্পের পরিকল্পনাকারী, নকশাকারী এবং বাস্তবায়নকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত