হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ মাইকেল চাকমার

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এসে তিনি এ অভিযোগ দেন।

অভিযোগ করতে সকালে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। এ সময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম ও অধ্যাপক রেহনুমা আহমেদ। পরে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকা থেকে মাইকেল চাকমাকে গ্রেপ্তার করে গুম করা হয়েছিল। ৫ বছর ৩ মাস ২৭ দিন তাকে গোপন বন্দিশালায় আটক রাখা হয়। আজকে উনি (মাইকেল চাকমা) কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি। মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করেছি। তার অভিযোগের তদন্ত হবে।’ 

সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে মাইকেল চাকমাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর পাঁচ বছরের বেশি সময় তার কোনো হদিস মেলেনি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাইকেল চাকমাকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত বন্দিশালা ‘আয়নাঘর’-এ আটকে রাখা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর তার খোঁজ পাওয়া যায়। ৭ আগস্ট ইউপিডিএফের বিবৃতিতে বলা হয়, ওইদিন ভোরে চট্টগ্রামের কোনো একটি স্থানে চোখ বাঁধা অবস্থায় মাইকেল চাকমাকে ছেড়ে দেওয়া হয়।