দেশের সম্পদ লুটে নিতে অনেকে জনসমর্থনহীন সরকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি হোক আমাদের দলের বাইরে বা দলের ভেতরে। সেটি আমাদের দেশে হোক বা দেশের বাইরে হোক।’ গতকাল বৃহস্পতিবার বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দলের মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
দেশের অর্থ-সম্পদ ও প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোভী দৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটি মনে করেন তারেক রহমান। তিনি বলেন, ‘এ দেশের মধ্যে যদি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্টেটিভ করে না; এমন সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এ দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে নিয়ে যেতে পারবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এ রকম কেউ যদি ক্ষমতায় থাকে, তাহলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টিতে এ দেশের অর্থ-সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে রয়েছে, তখন তারা দশবার চিন্তা করবে।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন, গায়েবি মামলার শিকার হয়েছেন। অত্যাচার-নির্যাতনের কারণে দিনের পর দিন জঙ্গলে থাকতে হয়েছে, ধানক্ষেতে থাকতে হয়েছে, আপনারা সেই পরীক্ষা দিয়ে এসেছেন, কিন্তু সামনে পরীক্ষা শেষ হয়ে যায়নি। সামনে পরীক্ষা আরও রয়েছে এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হতে হয়, তাহলে অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’
দলের নেতাকর্মীদের আগামী নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘আমাদের যদি এই নির্বাচনের পুলসিরাত পার হতে হয়, তাহলে জনগণের পেছনে আমাদের থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে এবং জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৫ আগস্টের আগ পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারকে সরিয়ে দেওয়া। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার। একই সঙ্গে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। রাজনৈতিক অধিকার রাজনৈতিকভাবে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, একই সঙ্গে দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিতে মজবুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রামের নেতৃত্ব দিতে পারবেন শুধু আপনারাই। কারণ বিএনপি দিতে পারবে।’