তাবলীগ কর্মী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে তাবলীগ জামায়াতের চার কর্মীকে হত্যার প্রতিবাদে শুক্রবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সময় হত্যকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হেফাজত নেতারা।

শুক্রবার জুমার নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পশ্চিম গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজত নেতাকর্মীরা। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মাওলানা মো. জসিম উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে মাওলানা লোকমান হাকিম, মাওলানা নাসির উদ্দিন মুনিরী, মাওলানা মীর মোহাম্মদ ইদ্রিস ও মাওলানা তাজুল ইসলাম বক্তব্য রাখেন। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০১৭ সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরী করতে বিশ্ব ইজতেমা নিয়ে তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। সেই ধারাবাহিকতায় হাসিনার পতনের পর দিল্লি থেকে পরিচালিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘুমন্ত অবস্থায় তাবলীগ জামাতের কর্মীদের ওপর বর্বর হামলা চালিয়ে চারকর্মীকে হত্যা করা হয়েছে। এ সময় আহত করা হয় আরো অর্ধশতাধিক মুসল্লিকে। এ হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

সমাবেশের পর কড়া পুলিশ প্রহরায় একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।