হাঁসের ভিন্ন পদ

রেসিপি দিয়েছেন : উম্মাহ মোস্তফা

মোগোলিয়ান ডাক কারি

উপকরণ

ধাপ : ১

হাঁসের মাংস ৫০০ গ্রাম, লেবুর রস সিকি কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, গরম মসলা সিকি চা চামচ, সাদা সরিষা ২ টেবিল চামচ, ময়দা ১ কাপ। হাঁসের মাংসের সঙ্গে ময়দা বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ২ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। মেরিনেট শেষে ময়দায় কোট করে গরম তেলে ভাজুন।

ধাপ : ২

টমেটো সস আধা কাপ, ডার্ক সয়া সস সিকি কাপ, চিনি ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, মাখন ২ চা চামচ, রসুন পাউডার ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে সব সস দিয়ে দিন। বলগ আসলে তাতে ধাপ-১ ভেজে রাখা সব মাংসের টুকরা দিন।

২.         এরপর বাকি সব উপকরণ দিয়ে দিন।

৩.         ঝোল মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

সুইট অ্যান্ড সাওয়ার

ডাক বল

উপকরণ

ধাপ : ১

হাঁসের মাংসের কিমা ১ কাপ, পাউরুটি ১ পিস, আদা ও রসুন বাটা মেলানো আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, লবণ ১ চা চামচ, তেল ১ কাপ।

সব উপকরণ একসঙ্গে মেখে গোল গোল বল বানিয়ে ভেজে তুলে রাখুন।

ধাপ : ২

চিলি সস ১ কাপ, ভিনেগার ২ চা চামচ, সয়া সস ২ চা চামচ, পানি আধা কাপ, মাখন ১ চা চামচ, রসুন কুচি ১ কোয়া, লবণ ১ চা চামচ, চিনি ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে রসুনের ফোড়ন দিন।

২.         এরপর সব উপকরণ দিয়ে দিন।

৩.         বলগ এলে তাতে ভেজে রাখা বলগুলো দিয়ে ২ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।

হোল বেকড ডাক

উপকরণ

আস্ত হাঁস ১টি, লেবুর রস সিকি কাপ, আদা ও রসুন বাটা ২ চা চামচ, গরম মসলা ১ চা চামচ, লবণ দুই চা চামচ, চিনি ২ চা চামচ, আলু কিউব করে কাটা ৬টি, গাজর কিউব করে কাটা ২টি, ছোট আস্ত পেঁয়াজ ১০টি, ইতালিয়ান সিজনিং ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         আস্ত হাঁস ভালো করে ধুয়ে তাতে সব উপাদান দিয়ে ভালো করে মাখিয়ে ৪-৬ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

২.         এবার প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রিতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে আস্ত হাঁস ১ ঘণ্টা বেক করে

পরিবেশন করুন।

ডাক ফ্রাই

উপকরণ

হাঁসের বুকের মাংস ৫০০ গ্রাম, লেবুর রস সিকি কাপ, আদা ও রসুন বাটা মেলানো ১ চা চামচ, গরম মসলা আধা চা চামচ, সয়া সস সিকি কাপ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, কর্ন ফ্লাওয়ার ১ কাপ, তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         হাঁসের মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে কিউব করে কেটে নিন।

২.         এবার এই মাংসে লেবুর রস দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

৩.         এরপর বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে আবারও রেখে দিন ১ ঘণ্টা।

৪.         তেল গরম করে তাতে মেরিনেট করা হাঁসের মাংসের টুকরা দিয়ে ক্রিস্পি করে ভেজে গরম গরম পরিবেশন করুন টমেটো সস দিয়ে।