বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ১৫ বাংলাদেশি নারী-শিশু। ভারতে ২ বছর কারাভোগের পর গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্থান্তরের জন্য থানা থেকে তাদের ছাড়িয়ে সেল্টার হোমে নিয়ে গেছে। ফেরত আসাদের মধ্যে ৯ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। নড়াইল, খুলনা, ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানের।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, গত আড়াই বছর আগে অর্থের বিনিময়ে ভালো কাজ দেওয়ার কথা বলে দালালরা তাদের ভারতের মুম্বাই শহরে পাচার করে। পরে মুম্বাই রেলস্টেশনে তাদের রেখে পালিয়ে যায় দালালরা। সেখান থেকে পুলিশ তাদের আটক করে আদালতে নিয়ে। পরে আদালত তাদের ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। সাজার মেয়াদ শেষে আইনি প্রক্রিয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টায় ভারতীয় পুলিশ তাদের দেশে ফেরত পাঠায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আরও জানান, ইমিগ্রেশনে সকল আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় ১৫ জনকে হস্তান্তর করা হয়েছে। রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্থান্তরের জন্য থানা থেকে ছাড়িয়ে তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে যায়।