অবশেষে শাটডাউন বা সরকারি অচলাবস্থা এড়াতে সফল হয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। কংগ্রেসের নিম্ন কক্ষের প্রতিনিধি পরিষদে সংশোধনী অর্থবিলটি পাস হয়েছে। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঋণসীমা বৃদ্ধির দাবিকে উপেক্ষা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, এখন এই বিলটির সিনেটের অনুমোদন পেতে হবে। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেট এটি পাস করলে প্রেসিডেন্ট জো বাইডেন সই করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তারপরেই এটি আইনে পরিণত হবে।
বিলটি ১৪ মার্চ পর্যন্ত সরকার চালাতে তহবিল বরাদ্দ করবে। এতে দুর্যোগপ্রবণ রাজ্যগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার এবং কৃষকদের জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে, তবে ঋণসীমা বাড়ানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
অর্থবিলটি পাস না হলে শনিবার থেকে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যেত।
এর আগে, গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত রাষ্ট্রীয় অর্থবিল (সরকারি ব্যয় প্যাকেজ) যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস করাতে ব্যর্থ হন রিপাবলিকানরা। পরবর্তী সংশোধনী বিল পাস করার চেষ্টা করলে তাও ব্যর্থ হয়। ১৭৪ আইনপ্রণেতা সমর্থন দিলেও বিরোধিতা করেন ২৩৫ জন।