বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সাড়ে ১৫ বছর আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি। আমি গর্বিত, আমাদের সন্তানরা সেই কাজটি করেছে। তারা অসাধ্য সাধন করেছে। এ রকম সন্তান পেয়ে জাতি গর্বিত। আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতেই তুলে দেব।
গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াত আয়োজিত জেলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলার আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশটাকে শ্মশান-গোরস্তানে পরিণত করেছিল। আজকে যুবকরা বলছে, আওয়ামী লীগ আমাদের ভোট চুরি করেছিল। তিনটা নির্বাচন আজ যাদের বয়স ৩০ থেকে ৩২ বছর; তারা একটা ভোটও দিতে পারেনি। তাদের সব ভোটকে গণহত্যা করেছিল। ভোটের গণহত্যা। তাদের নৈতিক সাহস ছিল না দেশে থাকার। এজন্য দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে গিয়ে কারও কারও অবস্থা এমন হয়েছিল যে, রসিক সিলেটবাসী তাদের কলাপাতায় শুয়ে দিয়েছিল। আওয়ামীরা খুনি-সন্ত্রাসী। তারা রাজনীতিবিদ নয়। তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে।
ভারতের উদ্দেশে তিনি বলেন, প্রতিবেশী দেশকে বলতে চাই, আপনারা শান্তিতে থাকেন। আমাদেরও শান্তিতে থাকতে দেন। আপনাদের পাকঘরে কী পাকাবেন আমরা জিজ্ঞেস করি না। আমাদের পাকঘর উঁকি মারার চেষ্টা করবেন না। নিজেরা আয়নায় চেহারা দেখুন। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না।
তিনি নিজ জেলার প্রতি ক্ষোভপ্রকাশ করে বলেন, মৌলভীবাজার জেলায় ভালো কোনো বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও এগ্রিকালচার বিশ^বিদ্যালয় নেই; কেন? মৌলভীবাজার কী অপরাধ করেছে?’ তিনি বলেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চা-বাগান রয়েছে মৌলভীবাজারে। রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ না থাকায় চা শিল্প ধ্বংস হওয়ার পথে। মালিকপক্ষ চায়ের যথাযথ মূল্য পায় না। শ্রমিকরাও পারিশ্রমিক পান না।
জেলার সেক্রেটারি মো. ইয়ামির আলী ও সহকারী সেক্রেটারি হারুনুর রশিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম ও সিলেট জেলার আমির মাওলানা হাবিুবুর রহমান।
আরও বক্তব্য দেন হবিগঞ্জ জেলার আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান, মৌলভীবাজার জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য দেওয়ান সিরাজুল ইসলাম মুতলিম, মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা হেফাজতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, মৌলভীবাজার জেলার নায়েবে আমির মাওলানা আবদুর রহমানসহ জেলা, বিভাগ ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।