প্রথম সেঞ্চুরিয়ান জ্যোতি জানালেন, ধৈর্যের ফল পেয়েছেন

নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে খেলেছেন অপরাজিত ১৫৩ রানের ইনিংস। জ্যোতির ইনিংসে ছিল ২০টি চার ও ২ ছক্কা।

প্রায় ৭ ঘণ্টা ক্রিজে থেকে ২৫৩ বল খেলেন জ্যোতি। ম্যাচ শেষে জ্যোতি বলেন, 'প্রথম ইনিংসে (ফারজানা হক) পিংকি আপু অনেক ধৈর্য্য নিয়ে ব্যাটিং করেছেন। ইশমা (তানজিম) খুব ভালো ব্যাটিং করছিল। তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে, এভাবে আসলে (লাল বলের) ক্রিকেটটা খেলতে হয়। আমার তো একদমই অভিজ্ঞতা ছিল না।'

প্রথম ইনিংসে নর্থ জোনের ফারজানা হক পিংকি ২৮৭ মিনিট ক্রিজে থেকে ২৪৬ বলে খেলেন ৮৬ রানের ইনিংস।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি এবারই প্রথম খেলেছেন লাল বলের ক্রিকেট। তবে ভালো করেই জানেন, লাল বলের খেলা মূলত ধৈর্যের পরীক্ষা।

জ্যোতি আরও বলেন, 'ওদের ব্যাটিং দেখেই মূলত অনুপ্রাণিত হয়েছি (প্রতিপক্ষের)। অন্য ম্যাচের ব্যাটারদেরও দেখছিলাম, সময় নিয়ে ব্যাটিং করেছে। কোচ থেকেও একটা নির্দেশনা ছিল। লঙ্গার ভার্শন ধৈর্যের খেলা। যতটা সময় নিয়ে ব্যাটিং করা যায়। সেটাই চেষ্টা করেছি।'