গাইবান্ধায় উপজেলা আ.লীগ নেত্রী মহিলা দলের সভাপতি 

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য আরজিনা পারভীন চাঁদনীকে উপজেলা মহিলা দলের সভাপতির পদ দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। চাঁদনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বান্ধবী হিসেবেও পরিচিত বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে পলাশবাড়ী উপজেলা মহিলা দল কমিটি অনুমোদন করা হয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে আলোচনা-সমালোচনা। আরজিনা পারভীন চাঁদনী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তার ছবিও রয়েছে।

তবে চাঁদনীর দাবি, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি তোলার বিষয়টি ভিন্ন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে মহিলা দলের কমিটির সাংগঠনিক পদে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী নাসিমা আকতার। তিনি পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

গত ২০ ডিসেম্বর গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটির তালিকা প্রকাশ করা হয়। এই কমিটিকে আরজিনা পারভীন চাঁদনীকে সভাপতি ও সুরাইয়া বেগম শিউলীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে এই কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে পলাশবাড়ী পৌরসভার বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির মহিলা দলের কমিটিতে যাদের রাখা হয়েছে, ৫ আগস্টের আগে দলের পক্ষে তাদের কোনো ভূমিকাই ছিল না। অবশ্যই অর্থের বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে।’

তিনি এই কমিটি বাতিল করে প্রকৃত বিএনপি এবং ত্যাগী কর্মীদের সমন্বয়ে একটি শতভাগ স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের আহ্বান জানান।

এ বিষয়ে আরজিনা পারভীন চাঁদনী বলেন, আওয়ামী লীগ করার প্রশ্নই ওঠে না, আওয়ামী লীগের রাজনীতিতে ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি তোলা ভিন্ন বিষয়। এ রকম ছবি বিএনপি নেতাদের সঙ্গেও রয়েছে। আমার বাবা ও পরিবার বিএনপির রাজনীতি করেন।

এ ব্যাপারে জানতে মহিলা দলের কমিটিতে সাংগঠনিক পদ পাওয়া আওয়ামী লীগ নেত্রী নাসিমা আকতারকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন শোভা বলেন, গত ২০ তারিখে পলাশবাড়ী উপজেলা মহিলা দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশ করা হয়। এ নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের প্রশ্নবিদ্ধ হওয়ায় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এ সময় টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেত্রীর নাম বিএনপির মহিলা দলে রাখার বিষয়টি জানতে চাইলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন ধরেননি।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, পলাশবাড়ী মহিলা দলের কমিটি গঠন বা অনুমোদনের বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি।