ভারতীয় পেস তারকা জসপ্রিত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা নতুন কিছু নয়। এবার বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের আগে ফের প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার ইয়ান মরিস মন্তব্য করেছেন, বুমরার বোলিং অ্যাকশন খতিয়ে দেখা দরকার।
মেলবোর্ন টেস্ট শুরু হওয়ার আগে মরিস বলেন, ‘কেন কেউ বুমরার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছে না? তার অ্যাকশন নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আমি বলছি না যে, বুমরা বল ঢিল মারে (বোলিংয়ের সময়), কিন্তু বল ছাড়ার সময় তার কনুইয়ের অবস্থান খতিয়ে দেখা উচিত। আমি জানি না কেন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এই নিয়ে চুপ!’
চলতি সিরিজে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে সফল বোলার বুমরা। তিন টেস্টে নিয়েছেন ২১ উইকেট। বুমরার বোলিং অ্যাকশন নিয়ে আগেও কিছু প্রশ্ন করেছিল অজি মিডিয়া। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল অবশ্য বুমরার পাশে দাঁড়িয়েছিলেন। এরপরও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা এই বিতর্ক জিইয়ে রাখছে।
শুধু বুমরা নন, এর আগে জাদেজা, আকাশ দীপ ও কোহলিকে নিয়েও বিতর্ক হয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের অভিযোগ, সাংবাদিক সম্মেলনে ইংরেজিতে কোনো প্রশ্নের জবাব দেননি জাদেজা। অথচ সেই প্রেস কনফারেন্সে ভারতীয় সাংবাদিকরাই ছিলেন। তাই জাদেজা হিন্দিতে কথা বলেছেন। এছাড়া আকাশ দীপের ইংরেজি না জানা এবং বিমানবন্দরে এক নারী সাংবাদিককে কোহলির ধমক দেওয়া নিয়েও অজি মিডিয়া উত্তাল।