একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশের অংশগ্রহণের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করে দলটির মুখপাত্র মাহী বি চৌধুরী। তিনি বলেন, ওই ভুল সংশোধনের প্রথম পদক্ষেপ ছিল দ্বাদশের ভোটে অংশগ্রহণের সময় কোনো সমঝোতা না করা। গতকাল মঙ্গলবার রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেনে।
মাহী বি চৌধুরী বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে অংশ না নেওয়া ছিল আমাদের ২০১৮ সালের ভুল সিদ্ধান্ত গ্রহণের পর সংশোধনের প্র্রথম পদক্ষেপ। বিকল্পধারা বাংলাদেশ ছিল ২০২৪-এ নির্বাচনে অংশগ্রহণকারী একমাত্র দল, যারা শাসক দল তথা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা বা সমঝোতার চেষ্টা করেনি।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে রাজনীতিতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, বৈষম্যমুক্ত বাংলাদেশ চাইলে প্রথমে বৈষম্যমুক্ত করতে হবে সংসদকে। এই সংসদে আনুপাতিক হারে নির্বাচন ছাড়া বাংলাদেশকে বৈষম্যমুক্ত করা যাবে না। কাজেই সেটা আমাদের প্রত্যাশা যে, এটা আনুপাতিক হবে।’
মাহী বি চৌধুরী আরও বলেন, ‘আসলে এখন আমি ব্যক্তিগত মতামত দিতে পারব। কারণ খুব স্বল্পসময়ের মধ্যে বিকল্পধারা জেনারেল-২ তার যাত্রা শুরু করবে। ওই যাত্রায় আমার এককভাবে বক্তব্য দেওয়ার সুযোগ নেই। সেখানে আমার অবস্থান থাকবে কি না, সেটাও আমি এখন জানি না। সুতরাং নির্বাচন সম্পর্কে এটা আমার দলীয় বক্তব্য নয়।’ তিনি বলেন, জুলাই আগস্ট জুড়ে ছাত্র-জনতার আন্দোলনে বিকল্পধারা সহায়তা করেছে। বি চৌধুরীর প্রতিষ্ঠিত উত্তরার মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্বক্ষণিক আহতদের বিনাপয়সায় চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে মেডিকেলের শিক্ষার্থীরা গণ-অভ্যুত্থানে আহতদের সেবা করে গেছে।
মৃত্যুর তিন সপ্তাহ আগে ১৬ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশকে এগিয়ে নিতে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন জানিয়ে তিনি সেসব সাংবাদিকদের সামনে তুলে ধরেন।