আওয়ামী লীগের সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে কখনোই জায়গা হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‘দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা’ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদই হতে পারে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিষ্ঠান। জনগণের শাসনকে স্থাপন করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এ ছাড়া আর অন্যকোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সব প্রতিষ্ঠানগুলোয় যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সব থেকে বড় রক্ষাকবজ।
উত্তরবঙ্গের শীতার্ত মানুষদের দ্রুত সহায়তার তাগিদ দিয়ে মির্জা ফখরুল বলেন, উত্তরবঙ্গের শীতের প্রকোপ বেশি। সরকারিভাবে উত্তরবঙ্গের শীতের বরাদ্দ দ্রুত আসবে এমনটাই আশা ছিল। তবে এখনো যেহেতু আসেনি, তাই জেলা বিএনপি নিজস্ব অর্থায়নেই শীতার্তদের মধ্যে কিছু কম্বল বিতরণ করেছে। তবে আশা করছি অসহায় এসব মানুষ দ্রুত সরকারি সহযোগিতা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।