স্টাম্প মাইক্রোফোনের সৌজন্যে ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের কথাবার্তা আর গোপন থাকে না। যেমন আজ বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে ধমক খেয়েছেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। দিনশেষে চালকের আসনে অস্ট্রেলিয়া। কিন্তু রোহিত হঠাৎ রেগে গেলেন কেন?
মেলবোর্নে চা বিরতির পর ঘটে এই ঘটনা। ওই সময় বল করছিলেন রবীন্দ্র জাদেজা। তার একটি বল সামনের পায়ে ডিফেন্স করেন স্মিথ। সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন জয়সোয়াল। বলে স্মিথের ব্যাট ছোঁয়ানোর আগেই দেখা যায় যশস্বী লাফিয়ে উঠেছেন। তিনি হয়তো ভেবেছিলেন, কাভার এলাকায় ড্রাইভ করবেন স্মিথ। তাই আগেই লাফিয়ে উঠেছিলেন।
এই দৃশ্য দেখে বেজায় চটে যান স্লিপে ফিল্ডিং করতে থাকা অধিনায়ক রোহিত। তিনি বলেন, ‘আরে জায়সু (জয়সোয়াল), গলির ক্রিকেট খেলছিস নাকি? নীচে বসে থাক। যতক্ষণ না বল খেলছে ততক্ষণ উঠবি না।’
রোহিত আসলে জয়সোয়ালকে বোঝাতে চেয়েছেন যে, সিলি পয়েন্টে দাঁড়িয়ে থাকলে সামনের দিকে ঝুঁকে থাকতে হয়। কারণ, বেশিরভাগ ক্ষেত্রে বল ফিল্ডারের সামনের দিকে আসে। তাই ঝুঁকে থাকলে ক্যাচ ধরার সুযোগ বেড়ে যায়। অধিনায়কের ধমক খেয়ে জয়সোয়াল অবশ্য পরের বল থেকে সেটাই করেছেন। এটা ছাড়াও অভিষিক্ত স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির ধাক্কা, মোহাম্মদ সিরাজের সঙ্গে কথার লড়াইয়ের ঘটনাও ঘটেছে মেলবোর্নে।
টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া প্রথম দিন শেষে ৮৬ ওভারে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে। চারটি পঞ্চাশোর্ধ ইনিংস থাকলেও কেউ তিন অংকে যেতে পারেননি। অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাটস ৬০, উসমান খাজা ৫৭, মার্নাস লাবুশানে ৭২ আর স্টিভেন স্মিথ ৬৮* রান করেছেন। স্মিথের সঙ্গী প্যাট কামিন্স অপরাজিত আছেন ৮* রানে। বল হাতে ৩ উইকেট নিয়েছেন ভারতের জসপ্রিত বুমরা।