ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

ভারতের অর্থনৈতিক উদারীকরণের পুরোধা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসেবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের কাছে ইউপিএ পরাজিত হলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। এ ছাড়া পি ভি নরসিমা রাও (১৯৯১-৯৬) পরিচালিত সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মনমোহন। এ ছাড়া ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নরের দায়িত্ব সামলেছেন মনমোহন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন মনমোহন। রাত ৮টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালের জরুরি বিভাগে। পরে সেখানেই মারা যান।

২০২১ সালের এপ্রিল মাসে কভিডে আক্রান্ত মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে সেই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তারপর থেকে শরীর কমবেশি অসুস্থই ছিল তার। মনমোহনের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রাতে হাসপাতালে যান কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লি এইমসে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নড্ডাও।

দিল্লি এইমসের তরফে জানানো হয়েছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন। গতকাল বাড়িতে হঠাৎ জ্ঞান হারান। রাত ৮টা ৬ মিনিটে তাকে দিল্লি এইমসের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক দলের সবরকম চেষ্টার পরও তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে সক্রিয় রাজনীতির থেকে দূরেই ছিলেন মনমোহন সিং। চলতি বছরের জানুয়ারিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল তাকে। নিজ মেয়ের একটি বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ তথা ভারতের সাবেক প্রধানমন্ত্রী।

চলতি বছরই মনমোহনের দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সাংসদকালের মেয়াদ শেষ হয়েছে। গত এপ্রিলে তিনি রাজ্যসভা থেকে অবসর নেন।