সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। ভারতীয় খাসিয়ার গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত কিশোরের নাম মারুফ মিয়া (১৬)। সে জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ মারুফ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে মারা যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১২টার দিকে সীমান্তের মিনাটিলা এলাকায় মারুফ মিয়াসহ আরও কয়েকজন ভারতীয় খাসিয়াদের সুপারির বাগানে প্রবেশ করে। এ সময় খাসিয়াদের সঙ্গে তাদের ঝগড়া হয়। একপর্যায়ে খাসিয়াদের একজন গুলি ছুড়লে মারুফ গুলিবিদ্ধ হয়। মারুফের সঙ্গীরা তাকে আহত অবস্থায় বাংলাদেশের ভেতরে নিয়ে আসে। পরিবারের সদস্যরা তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার সে মারা যায়।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।