ভারত অধিনায়ক রোহিত শর্মার দুর্দিন যেন কাটছেই না। শিশুতোষ ভুলে তিনি আউট হয়ে যাচ্ছেন। মেলবোর্ন টেস্টে নিজেদের প্রথম ইনিংসেও তিনি একই কাণ্ড করলেন। প্যাট কামিন্সের করা অফ স্টাম্পের অনেক বাইরের বল জোর করে লেগ সাইডে টেনে পুল করতে গেলেন। টাইমিং হলো না। বল উড়ে গিয়ে মিড অনে জমা পড়ল স্কট বোল্যান্ডের হাতে।
অস্ট্রেলিয়ার রান পাহাড়ের জবাবে আজ শুক্রবার ৫ বলে মাত্র ৩ রান করে আউট হয়েছেন রোহিত। এই নিয়ে টেস্টে সর্বশেষ আট ইনিংসে তিনি বিশের ঘরে যেতে পারলেন না। শুধু তাই নয়, তাকে আউট করে একটা রেকর্ডও গড়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এই নিয়ে কামিন্সের বলে ৭ বার আউট হলেন রোহিত, যার মাঝে পাঁচবারই অধিনায়ক হিসেবে।
টেস্ট ক্রিকেটে কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে এতবার আউট করতে পারেননি। ক্রিকেট ইতিহাসে অধিনায়ককে আরেক অধিনায়কের পাঁচবার আউট করার ঘটনা আছে আর দুটি। সাবেক ইংল্যান্ড অধিনায়ক টেড ডেক্সটারকে ৫ বার আউট করেছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো। আর পাকিস্তানের ইমরান খানের বলে ৫ বার আউট হয়েছিলেন সুনীল গাভাস্কার।
উল্লেখ্য, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে ৪৭৪ রানে। টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন স্টিভেন স্মিথ। জবাবে ভারতের শুরুটা ভালো না হলেও এখন বিরাট কোহলি আর যশস্বী জয়সোয়ালের জুটিতে তাদের রানের চাকা ঘুরছে।