বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডেই আবাহনীর কাছে হেরেছিল বসুন্ধরা কিংস। তার আগে কিংস হেরেছিল ফেডারেশন কাপে ফর্টিসের কাছে। বর্তমান চ্যাম্পিয়নদের চোখ রাঙাচ্ছিল টানা দ্বিতীয় হার। তবে মুজিবর রহমান জনির শেষ মুহূর্তের গোলে হার এড়াল পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা।
আজ কিংস অ্যারেনায় পঞ্চম রাউন্ডে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
৩৯ মিনিটে চেক সিনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। নির্ধারিত সময় শেষ। জয়ের আশা করছিল ব্রাদার্স। তবে যোগকরা সময়ের সপ্তম মিনিটে জনি গোল করে সমতা টানেন। মিগেলের ক্রস পড়ে ব্রদার্সের বক্সে। সেখান থেকে গোল করেন জনি।
পাঁচ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট কিংসের। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে নতুন বছর শুরু করবে তারা। সমান ম্যাচে ৮ পয়েন্ট ব্রাদার্স ইউনিয়নের।