ঊরুতে মেদ জমছে

অনেকেই ঊরুর মেদ নিয়ে বিড়ম্বনায় ভোগেন। কী করে এই মেদ কমাবেন বুঝতে পারেন না। ঊরুর মেদ কমানোর জন্য স্কোয়াট খুব উপযুক্ত ব্যায়াম। এর ফলে সহজেই মেদ ঝরাতে পারবেন। এই ব্যায়াম পায়ের মাসলের গঠন সুন্দর করে এবং ঊরুর মেদ কমায়। এটি স্ট্রেংথ ট্রেনিং ব্যায়াম। স্কোয়াট ব্যায়ামে পায়ের মাসলগুলোকে ব্যবহার করার পাশাপাশি কোমর, পেট, ব্যাক, ঘাড়, হাত ইত্যাদিরও ব্যবহার হয়। শরীরের এই অংশগুলোকেও স্কোয়াটের সময় কাজে লাগানো হয়, তাই স্কোয়াটকে এক কথায় পুরো শরীরের ব্যায়াম বলা যায়।

কীভাবে স্কোয়াট করবেন

 প্রথমে সোজা হয়ে দাঁড়ান। হাত কাঁধ বরাবর সোজা রাখুন, মাথাও একবারে সোজা রাখুন। পায়ের পাতা সোজা সামনের দিকে রাখুন, মাথা সোজা সামনের দিকে, দৃষ্টি সামনের দিকে থাকবে। পেট ভেতরের দিকে টেনে রাখুন, হাঁটু পায়ের পাতা বরাবর একদম সোজা থাকবে।  এবার পা দুটো মোটামুটি দূরত্বে রেখে দাঁড়ান। খুব বেশিও না বা খুব কম না, আপনার সুবিধামতো দূরত্ব রাখুন।  ধীরে ধীরে হাঁটু সামনের দিকে হিপসহ ভাঙতে থাকুন ও মেঝের দিকে নামতে থাকুন। মনে করুন আপনি পা দূরত্বে রেখে চেয়ারে বসতে যাচ্ছেন। এ সময় শরীর থাকবে ওপরের দিকে একদম সোজা, বিশেষ করে মেরুদ- একদম সোজা থাকতে হবে। আর হিপ ও থাই থাকবে মেঝের সঙ্গে সমান্তরাল। এ সময় জোরে নিঃশ্বাস নিতে হবে।  শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাত দুটো সামনে শরীর থেকে বাইরের দিকে কাঁধ বরাবর রাখতে পারেন। এখন আপনার বডির পুরোটা সামনের দিকে সামান্য ঝুঁকে থাকবে এবং হিপ পেছনের দিকে নামবে। এই অবস্থায় কয়েক সেকেন্ড থাকুন। এখন আপনি আপনার হাঁটু থেকে হিপ পর্যন্ত স্ট্রেচ অনুভব করবেন, এ সময় শ্বাস থাকবে স্বাভাবিক।  এবার আস্তে আস্তে আগের অবস্থায় আসুন। মনে করুন আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছেন। উঠার সময় জোরে নিঃশ্বাস ছাড়ুন। উঠার সময়ও ঊরুর মাসলে চাপ অনুভব করবেন। আর উঠার সময় থাই ব্যবহার করতে হবে, চেস্ট দিয়ে উঠবেন না। পায়ের পাতায়ও সামান্য চাপ অনুভব হবে, পেট ভেতরের দিকে টানা থাকবে ও পিঠ সোজা থাকবে। সুবিধার জন্য পেছনে একটি চেয়ার দিয়ে নিতে পারেন, কিন্তু চেয়ারে বসবেন না।  হাঁটুতে বেশি চাপ দেবেন না, হাঁটু পায়ের পাতার চেয়ে বেশি বাইরের দিকে যাবে না বা নিচের দিকেও ঝুঁকবে না।  নামার বা ওঠার সময় দুই হাঁটুই একইভাবে থাকবে। নামার বা ওঠার সময় দুই পায়ের ওপর সমানভাবে চাপ পড়বে। বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলে মাসলে ব্যথা লাগবে।  

সাঁতার

ঊরুর অতিরিক্ত মেদ কমাতে হলে সাঁতার কাটতে পারেন। সাঁতারের মাধ্যমে যেহেতু শরীরের সব অংশেরই ব্যায়াম হয়, সেই সঙ্গে এটি পায়ের ওপরও চাপ ফেলে। ফলে শরীরের অন্যান্য অংশের সঙ্গে ঊরুরও মেদ কমে। সাঁতার নিয়মিত করলে ঊরুতে মেদ জমে না।